কক্সবাজারে ইয়াবা বড়িতে আসক্ত ৬৫ হাজার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা প্রায় ৮০ হাজার। এর মধ্যে ইয়াবা বড়িতে আসক্ত অন্তত ৬৫ হাজার। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যেও ইয়াবা আসক্তি বাড়ছে। এই তথ্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।
আগে যারা ফেনসিডিল, চোলাই মদ ও গাঁজায় আসক্ত ছিলেন, তাঁরা এখন ইয়াবার দিকে ঝুঁকছেন। মাদকের আখড়াগুলোতে কম দামে ইয়াবা পাওয়া যাচ্ছে। অভিযান চালিয়ে অসংখ্য আখড়া উচ্ছেদ করা হলেও ইয়াবার বেচাবিক্রি বন্ধ করা যাচ্ছে না বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস।
গত ২৬ জুন জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের সভায় ইয়াবা চোরাচালান বৃদ্ধি ও ইয়াবা আসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘নোঙর’-র নির্বাহী পরিচালক দিদারুল আলম বলেন, তাঁরা ১২০ জন মাদকাসক্ত ব্যক্তিকে সেবা নিচ্ছেন। এর মধ্যে ৯৫ শতাংশ ইয়াবা আসক্ত। যাদের বয়স ১৬-৪০ বছর।
বিজিবি সূত্র জানায়, গত ছয় মাসে বিজিবি সদস্যরা কেবল টেকনাফ থেকেই উদ্ধার করেছেন প্রায় ২৯ লাখ ইয়াবা বড়ি। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মিয়ানমারের ২৫ নাগরিকসহ ১৭০ জনকে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, পর্যটন শহরের বিভিন্ন আখড়ায় ২০-৩০ টাকায় ইয়াবা বড়ি পাওয়া যাচ্ছে। গরিব ঘরের নারীরা শিশুদের দিয়ে ইয়াবা চালান সরবরাহ করছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইয়াবা চালান জব্দ করলেও মূল হোতাদের ধরতে পারছে না। ইয়াবার ছোবলে ভবিষ্যৎ প্রজন্ম শেষ হতে চলেছে।
ইয়াবা পাচার রোধের বিষয়ে বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ‘মিয়ানমারের একাধিক কারখানায় উৎপাদিত ইয়াবা নানা কৌশলে বাংলাদেশ ঢুকছে। গত জানুয়ারি মাসে মংডুতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে এসব কারখানা উচ্ছেদ ও ইয়াবা ব্যবসায়ীদের ধরতে অনুরোধ জানিয়েছিলাম।’