কক্সবাজারে ইয়াবা বড়িসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে পৃথক ঘটনায় ৪৭ হাজার ৩৫টি ইয়াবা বড়িসহ দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু তুলাবাগান এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করে হাইওয়ে পুলিশ। এ সময় জালাল আহমদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বাড়ি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায়।

রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, বাসের সিটের নিচে লুকিয়ে ইয়াবার চালানটি টেকনাফ থেকে কক্সবাজার শহরে আনা হচ্ছিল। আটক জালালকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রামু সেনানিবাসের সামনে রামু-মরিচ্যা সড়কে গতি কমানোর জন্য একটি ট্রাককে সংকেত দেন সেনাসদস্যরা। এ সময় ট্রাক ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মনজুর সিদ্দিকীর নেতৃত্বে বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিতে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ২৯ হাজার ৫৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ট্রাকটি টেকনাফ থেকে রামুর দিকে যাচ্ছিল।

লে. কর্নেল গোলাম মনজুর সিদ্দিকী জানান, এ ঘটনায় রামু থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের সদস্যরা শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে ৩ হাজার ৮৬০টি ইয়াবা বড়িসহ জসিম উদ্দিন (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেন। জসিমের বাড়ি শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায়।

র‍্যাবের কক্সবাজার ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরাফত ইসলাম জানান, ইয়াবা বিক্রির সময় জসিমকে হাতেনাতে আটক করা হয়। জসিম মাদকচক্রের সদস্য। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে।