কক্সবাজারে ইয়াবার ব্যবসা ও ব্যবহার বেড়েই চলেছে
কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী ও এতে আসক্ত লোকের সংখ্যাও বেড়েই চলেছে। মিয়ানমার থেকে ইয়াবার চোরাচালান বাড়ছে সমান তালে। এখন বড় চালান আসছে নৌপথে। কিন্তু ইয়াবার বিরুদ্ধে জনমত গঠন কিংবা সচেতনতা সৃষ্টিতে তেমন কোনো কর্মসূচি নেই।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, কক্সবাজারে ২০১০ সালে মাদকাসক্ত লোকের সংখ্যা ছিল ৪৫ হাজার। ২০১৬ সালে বেড়ে দাঁড়ায় প্রায় ৭৮ হাজার। এর মধ্যে প্রায় ৫০ হাজার জন ইয়াবায় আসক্ত। অন্যদিকে ২০১২ সালে জেলায় তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন ৫৫৪ জন। এখন ১ হাজার ২২৮ জন।
এ অবস্থায় কয়েক দিন ধরে টেকনাফ, উখিয়াসহ জেলার বিভিন্ন স্থানে মাদক ও জঙ্গিবিরোধী সভা-সমাবেশ করছে পুলিশ। আজ বুধবার বিকেলে টেকনাফ মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে থাকছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন গত সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা কক্সবাজারকে ইয়াবামুক্ত করার চেষ্টা চালাচ্ছি। ইয়াবা চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি ইয়াবা কারবারিদেরও ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে (গত চার মাসে) পুলিশ টেকনাফ, উখিয়াসহ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ লাখ ইয়াবাসহ ৩০ জনের বেশি পাচারকারীকে ধরেছে। কিন্তু নৌপথে ইয়াবার বড় চালান ঢুকে পড়ায় চোরাচালান নিয়ন্ত্রণ হচ্ছে না।’
পুলিশ বলছে, টেকনাফ সীমান্ত দিয়েই ইয়াবার বড় চালান দেশে ঢুকছে। এখানেই বেশির ভাগ ইয়াবা কারবারির অবস্থান। তাই টেকনাফেই আজ মাদক ও জঙ্গিবাদবিরোধী বড় সভাটি হতে যাচ্ছে। সভায় আইজিপি ইয়াবা কারবারিদের নিয়ন্ত্রণে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত শনিবার ভোররাতে টেকনাফে ঢোকার সময় বিজিবি সদস্যরা নাফ নদী থেকে এক লাখ ইয়াবা বড়িসহ দুস্ত মোহাম্মদ নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেন।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, মিয়ানমার থেকে সংগ্রহ করে নৌকায় ইয়াবার চালানটি টেকনাফে আনছিল কয়েকজন চোরাকারবারি। বিজিবির উপস্থিতি দেখে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হন তাঁরা। গত তিন মাসে বিজিবি সদস্যরা প্রায় ৫০ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছেন।
পুলিশ, বিজিবি সূত্র বলছে, স্থলপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকায় চোরাচালানিরা ইয়াবা পাচারের জন্য নৌপথকে ব্যবহার করছে বেশি। মাছ ধরার নৌকায় লুকিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারা, শিকলবাহা, পটিয়া, সীতাকুণ্ড ও বাঁশখালী, খুলনার সুন্দরবন, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায়। বাহকসহ ইয়াবার কিছু বড় চালান ধরা পড়লেও মূল হোতারা থাকছেন ধরাছোঁয়ার বাইরে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ৬ মে কক্সবাজারে দলীয় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, যেকোনো মূল্যে ইয়াবা ব্যবসা বন্ধ করতে হবে। কক্সবাজারের মানুষ প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়ন চায়। দলের কেউ যদি ইয়াবা ব্যবসায় জড়িত থাকে, তাকেও আইনের আওতায় আনা হোক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা পাচারকারীর তালিকায় টেকনাফে আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির পাঁচ ভাইসহ পরিবারের অন্তত ২৫ জনের নাম রয়েছে। ওই তালিকায় সাংসদ বদিকে ইয়াবার মদদদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় মিয়ানমারের ২৩ ব্যক্তির নামও আছে। কিন্তু এদের কেউ ধরা পড়ে না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, টেকনাফ, কক্সবাজারে ইয়াবাসহ মাদক চোরাচালান বন্ধে তাঁদের অভিযান অব্যাহত আছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। চলছে মাদকবিরোধী সচেতনতামূলক নানা কর্মসূচি। তারপরও ইয়াবা চোরাচালান নির্মূল করা যাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রমতে, ২০১২ সালের কক্সবাজারে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন ৫৫৪ জন। ২০১৩ সালে ৭৬৪ জন। আর এখন ১ হাজার ২২৮ জন।
কক্সবাজারের মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন ‘নোঙর’-এর নির্বাহী পরিচালক দিদারুল আলম বলেন, পাঁচ বছরের ব্যবধানে জেলায় ইয়াবা ব্যবসা আর ব্যবহারকারী দুটোই দ্রুত বেড়েছে। এটা উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে সীমান্ত পয়েন্টগুলোতে কঠোর নজরদারি বাড়াতে হবে। ইয়াবা ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন বলেন, ইয়াবা ব্যবসায়ীর তালিকায় প্রতিদিন কেউ না কেউ যুক্ত হচ্ছেন। ইয়াবা ব্যবসায়ী হিসেবে কারও নাম পাওয়া গেলে নানা মাধ্যমে তা যাচাই-বাছাই চলে। তারপর সঠিক হলে তালিকাভুক্ত হচ্ছে। ইয়াবা কারবার যত দিন থাকবে, তালিকাও তত দিন চলতে থাকবে।