কক্সবাজারে ইয়াবাসহ ট্রলার জব্দ, গ্রেপ্তার ৫
কক্সবাজার উপকূলে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলারসহ ২ লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে র্যাব । এ ঘটনায় ট্রলারের পাঁচ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. সিরাজ (৪৮), মফিজুল ইসলাম (৪৪), আবদুর রহিম (৪০), মাহমুদ হোসেন (৪৫) ও আবদুল গফুর (৩৩)।
র্যাব সূত্রের ভাষ্যমতে, মিয়ানমার থেকে আনা ইয়াবার চালানটি কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে ট্রলার বোঝাই করা হয়। এরপর সেখান থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছিল। ইয়াবার চালানটির মালিক চট্টগ্রামের আনোয়ারার মো. আনোয়ার।
র্যাব -৭ কক্সবাজার ক্যাম্পের উপপরিচালক এএসপি মো. শরাফত ইসলাম জানান, টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম যাচ্ছে—এমন খবরের ভিত্তিতে র্যা বের একটি দল গত সোমবার রাত ১২টার দিকে কলাতলী পয়েন্টে অবস্থান নেয়। সাড়ে ১২টার দিকে টেকনাফের দিক থেকে একটি ট্রলার আসতে দেখা যায়। থামানোর সংকেত দিলে ট্রলারটি মহেশখালীর দিকে পালাতে থাকে। একপর্যায়ে ধাওয়া করে ট্রলারটি জব্দ করা হয়। এ সময় ট্রলারের পাঁচ জেলেকে আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কোটি ৮০ লাখ টাকা দামের ২ লাখ ৭০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তার পাঁচ জেলেকে জিজ্ঞাসাবাদ করে সমুদ্রপথে ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত সিন্ডিকেটের সদস্যদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
র্যাব জানায়, গ্রেপ্তার পাঁচজনকে গতকাল মঙ্গলবার কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।