কক্সবাজারে ইয়াবাসহ সাংবাদিক গ্রেপ্তার
কক্সবাজার বিমানবন্দর থেকে গতকাল শনিবার সকালে ইয়াবা বড়িসহ নজির আহমদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামে। পুলিশ বলছে, তিনি গাজী টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি ও কক্সবাজার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, শনিবার সকাল ৯টার দিকে নজির আহমদ টেকনাফ থেকে কক্সবাজার বিমানবন্দরে প্রবেশ করেন। সাড়ে ৯টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর ব্যাগে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হলে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০৭টি ইয়াবা বড়িসহ নজির আহমদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
নজির আহমদ সংগঠনের দপ্তর সম্পাদক বলে নিশ্চিত করেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম।
উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের নগরের তৃতীয় কর্ণফুলী সেতুসংলগ্ন এলাকা থেকে ৫০ হাজার ইয়াবা বড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে স্ত্রীসহ ধরা পড়েন গাজী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সেলিম উল্লাহ। তিনি এখনো কারাগারে আছেন।