কক্সবাজারে কোটি টাকার হেরোইনসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের পশ্চিম মাছ বাজার এলাকায় গত শুক্রবার রাতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে কোটি টাকার হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী স্থানীয় মাছ বাজারের বাসিন্দা উষা রাখাইন, পান বাজারের শাকিল আহমদ, ঝাউতলার তপন মিত্র ও বড় বাজারের মাছানো রাখাইন।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প সূত্র জানায়, উষা রাখাইনের বাড়িতে তল্লাশি চালিয়ে তারা কোটি টাকা দামের এক কেজি ৬০ গ্রাম হেরোইন ও একটি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, একটি লম্বা কিরিচসহ মাদক বিক্রির এক লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করে। পরে উদ্ধার করা মাদক ও অস্ত্রসহ আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী উষা রাখাইনকে এর আগেও পুলিশ ও র্যাব একাধিকবার আটক করে কারাগারে প্রেরণ করে। কিন্তু জামিনে বেরিয়ে এসে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন।