দুর্নীতির অভিযোগে কক্সবাজার জেলা খাদ্যনিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. শাহ জামালের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
গত সোমবার কক্সবাজার জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি মুহাম্মদ আলী জিন্নাত কক্সবাজার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই মামলা করেন।
আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার অভিযোগ তদন্ত করে আগামী ১৪ জুনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালককে (অনুসন্ধান ও তদন্ত) নির্দেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, জেলা খাদ্যনিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. শাহ জামাল অনিয়ম, দুর্নীতি ও ঘুষ লেনদেনের মাধ্যমে সরকারি ক্রয়সংক্রান্ত নীতিমালা (পিপিআর) ভঙ্গ করে মেসার্স মোহনা এসএস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে এই দপ্তরের ঠিকাদার নিয়োগ দিয়েছেন। অথচ মো. শাহ জামালের তদন্তেই ওই প্রতিষ্ঠানের ব্যাংক পে-অর্ডার জালিয়াতি ধরা পড়েছিল। তার পরও মোহনা এন্টারপ্রাইজকে কালো তালিকাভুক্ত না করে পরস্পর যোগসাজশে ওই প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মো. শাহ জামাল বলেন, তিনি দুর্নীতি করেননি। তদন্তে সেটা প্রমাণিত হবে।