কক্সবাজারে গুলিতে 'শীর্ষ সন্ত্রাসী' দুই ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলা থেকে দুই ভাইয়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

উপজেলার ঈদগাঁও ইউনিয়নের হিমছড়ি ঢালা নামক পাহাড়ি এলাকা থেকে আজ বুধবার সকালে ওই দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

পুলিশের বিবরণ অনুযায়ী, নিহত দুজন হলেন জাহেদুল ইসলাম ওরফে সিফাত (২৮) ও শহিদুল আলম ওরফে আরাফাত (২১)। তাঁদের বাড়ি কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার হালিমাপাড়ায়। তাঁদের বাবার নাম মোহাম্মদ আলম।

পুলিশ জানায়, দুই ভাইয়ের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রসহ অন্তত ২০-২২টি মামলা আছে। তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ ছিলেন।

পুলিশের ভাষ্য, কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে ডাকাতি করতে গিয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীর গুলিতে দুই ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশকে খবর দেন। সকাল নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, সন্ত্রাসীদের গুলিতে সিফাত ও আরাফাত নামের দুই সন্ত্রাসী নিহত হয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে। এ ব্যাপারে আরও অনুসন্ধান চলছে।

সিফাত ও আরাফাত নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করে।