কক্সবাজারে চার পুলিশ সদস্য বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে পুলিশের নির্যাতনে স্থানীয় ঝিনুক ব্যবসায়ী ওমর ফারুকের (২৯) মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে।
গত ১০ জুলাই সকালে সৈকতের শৈবাল পয়েন্ট থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়। ফারুক শহরের বাহারছড়া এলাকার আলী হোসেনের ছেলে। তিনি চার সন্তানের জনক।
গত শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি ও দোকান মালিক সমিতির নেতারা এই হত্যাকাণ্ডে পুলিশের চার সদস্যের সম্পৃক্ততার অভিযোগ তোলেন। এরপর রাতে অভিযুক্ত চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন শহর পুলিশ ফাঁড়ির টিএসআই মতিউর রহমান, এটিএসআই মজিবর রহমান, কনস্টেবল উসাতন চাকমা ও গোফরান মাহমুদ।
এর সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ প্রথম আলোকে বলেন, ফারুক হত্যা মামলাটি তদন্তের জন্য গত বৃহস্পতিবার সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। তাই তদন্তের স্বার্থে চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এদিকে ওমর ফারুক হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্য ও সোর্সদের গ্রেপ্তারের দাবিতে গত শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীরা আগামী সোমবার সৈকত এলাকায় আধা বেলা দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
সম্মেলনে কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার বলেন, ধাওয়া করে নির্যাতনের মাধ্যমে ওমর ফারুককে পুলিশ হত্যা করেছে। কিন্তু তার পরও অভিযুক্ত পুলিশ সদস্য ও সোর্সদের গ্রেপ্তার করা হচ্ছে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন বলেন, ‘পুলিশ নিরীহ লোকদের ধরে এনে টাকা আদায় করে ছেড়ে দিচ্ছে। টাকার জন্য মানুষকে নির্যাতন করছে। আমরাও ফারুক হত্যার বিচার চাই।’
সম্মেলনে নিহত ফারুকের বাবা আলী হোসেন (৫৫) বলেন, গত ১০ জুলাই রাতে পুলিশের একটি দল সৈকতের ঝিনুক মার্কেটের মক্কা হোটেলের সামনে গিয়ে ফারুককে খুঁজতে থাকে। কয়েকজন ব্যবসায়ী ফারুককে দেখিয়ে দিলে পুলিশ তাঁকে (ফারুক) জাপটে ধরে। কিন্তু ফারুক পুলিশ ও সোর্সকে ধাক্কা দিয়ে দৌড়ে পালান। এ সময় পুলিশ ও সোর্সরা তার পিছু নেয়। রাতে আর ফারুক বাড়ি ফেরেননি।
আলী হোসেন বলেন, ‘পরে জেনেছি, অভিযুক্ত পুলিশ ও সোর্সরা মিলে পিটিয়ে ফারুককে হত্যা করে লাশটি রাতে সমুদ্রের কোমরপানিতে ফেলে দেয়। সকালে তীরে ভেসে এলে পুলিশ উদ্ধার করে লাশটি মর্গে নিয়ে যায়। তখন ফারুকের শরীরে আঘাতের চিহ্ন ছিল। ঘুষের টাকা নিয়ে ঘটনার আগে অভিযুক্ত পুলিশ সদস্যদের সঙ্গে ফারুকের বিরোধ ছিল।’