কক্সবাজারে ছাত্রলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় মোহাম্মদ শাহীন (২২) নামের এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে একটি মেলা থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি। আজ শুক্রবার কক্সবাজার সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত শাহীনের বাড়ি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামে। তিনি উখিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে শাহীন উখিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় খেলার মাঠে হস্ত ও কুটির শিল্প মেলায় যান। রাত সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কয়েকজন যুবক তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। শাহীনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা খতিযে দেখা হচ্ছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, উখিয়া ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত। তাদের কোন্দলের কারণে শাহীনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তবে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ বলেন, ছাত্রলীগের কোন্দলে তাঁর মৃত্যু হয়নি। হস্ত ও কুটির শিল্প মেলার জুয়া খেলার টাকার ভাগাভাগি নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।