কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী গ্রামে গতকাল শুক্রবার ছুরিকাঘাতে ও গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পূর্ব নাপিতখালী গ্রামের মো. শাহজালাল (২৭) ও মো. মহিউদ্দিন ওরফে ককটেল মহিউদ্দিন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, জমি নিয়ে শাহজালালের পরিবারের সঙ্গে মহিউদ্দিনের পরিবারের বিরোধ চলছে। গতকাল সকালে শাহজালাল ঘর থেকে বের হলে মহিউদ্দিন তাঁকে ধারালো ছোরা দিয়ে আঘাত করেন। এতে শাহজালাল নিহত হন। স্থানীয় লোকজন খবর পেয়ে মহিউদ্দিনের বসতঘরে ভাঙচুর চালায়। একপর্যায়ে মহিউদ্দিনকে ধরে গণপিটুনি দেওয়া হয়। এরপর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ মহিউদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, শুক্রবার রাত নয়টা পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।