কক্সবাজারে তিন মানব পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর ও উখিয়া উপজেলায় গতকাল বুধবার ভোরে পৃথক অভিযান চালিয়ে র‌্যাব ও পুলিশ তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর জিয়াউর রহমান জানান, গতকাল ভোরে সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের খোদাইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তারা হলো টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার হাসান শরীফ ও বাজারপাড়ার নূর হাফেজ। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী। এ সময় দুজনের কাছ থেকে নগদ দুই লাখ টাকা ও নয়টি মুঠোফোন উদ্ধার করা হয়।
মেজর জিয়াউর রহমান জানান, নূর হাফেজ টেকনাফের শাহপরীর দ্বীপের একটি দোকানের কর্মচারী। তার মাধ্যমে মানব পাচারের টাকা লেনদেন করে দালালচক্র। নূর হাফেজ নিজেও মানব পাচারে জড়িত করে। উদ্ধার হওয়া নগদ টাকা মানব পাচারের ঘটনায় মুক্তিপণ হিসেবে দেওয়া হয়েছে। দুজনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, গতকাল ভোরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামে অভিযান চালিয়ে মানব পাচারকারী মনির আহমদকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে উখিয়া থানায় মানব পাচারের দুটি মামলা রয়েছে।