সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার অভিযোগে গত শনিবার রাতে কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে দুই দালালসহ ৭১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ড।
পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে শহরের সাংস্কৃতিক কেন্দ্রের সামনের একটি হোটেলে অভিযান চালিয়ে দুই দালালসহ ১৫ ব্যক্তিকে আটক করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, একই দিন রাত সাড়ে নয়টার দিকে কোস্টগার্ডের সদস্যরা বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ৫৬ ব্যক্তিকে আটক করেন। রাত ১২টায় তাঁদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়।
কোস্টগার্ডের কক্সবাজার স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার শহীদুল ইসলাম বলেন, আটক যাত্রীদের দুটি মাছধরার ট্রলারে তুলে কক্সবাজার আনার পথে দালাল চক্র কোস্টগার্ডকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হননি।
উখিয়ায় আটক ১০
নিজস্ব প্রতিবেদক কক্সবাজার জানান, কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার এলাকা থেকে গতকাল রোববার বিকেলে এক দালালসহ সমুদ্রপথে মালয়েশিয়াগামী ১০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বলেন, যশোরের দালাল নোমান (২২) একটি মাইক্রোবাসে করে নয় ব্যক্তিকে মালয়েশিয়ায় পাচারের জন্য টেকনাফে নিচ্ছিলেন। পথে কোটবাজার থেকে তাঁদের আটক করা হয়।