কক্সবাজারে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার শহরের কবিতা চত্বর ও কাটাপাহাড় এলাকা থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে লাশ দুটি উদ্ধার করা হয়। মাদক বিক্রির টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
আজ বেলা দুইটার দিকে নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাদের একজন হলেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার রাজা মিয়া (৪৫) এবং অপরজন কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকার রিফাত হোসেন (২৫)। রিফাতের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ডাকাতি, অস্ত্র ও ছিনতাইসহ সাতটি মামলা আছে। আর রাজা মিয়ার বিরুদ্ধে আছে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ আটটি মামলা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, আজ ভোররাত তিনটার দিকে সমুদ্রসৈকতের ঝাউবাগানের ভেতরে কবিতা চত্বর এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে রাজা মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, দুটি তাজা কার্তুজ ও ২০০ ইয়াবা বড়ি উদ্ধার করে। একই সময় পুলিশ শহরের বাইপাস সড়কের কাটাপাহাড় এলাকা থেকে রিফাত হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে একাধিক বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী রাজা মিয়া ও রিফাত আলম নিহত হয়েছেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীন আবদুর রহমান চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশের শরীরে গুলির দাগ আছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।