কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে মুদি দোকানি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে এক মুদি দোকানি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত দোকানির নাম নুরুল আবছার (২৪)।
নুরুল আবছারের পরিবারের সদস্যরা বলেন, রোববার রাতে তিনি নিজের দোকানে ঘুমিয়েছিলেন। ভোর সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা দোকানে হানা দিয়ে নুরুল আবছারকে গুলি করে। গুলির শব্দ শুনে এলাকার লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নুরুল আবছারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো চিহ্নিত করা যায়নি।