কক্সবাজারে পাহাড় কাটার দায়ে ২ রোহিঙ্গার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন সৈকতপাড়ার সরকারি পাহাড় কাটার দায়ে গতকাল বৃহস্পতিবার দুই রোহিঙ্গাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং এলাকার সোনা মিয়া ও মো. সব্বির।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সকালে তিনি জানতে পারেন সৈকতপাড়ার পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিরা পাহাড় কাটার জন্য রোহিঙ্গাদের নিয়োগ দিয়েছেন। দুপুর ১২টার দিকে পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে গেলে দখলদারেরা পালিয়ে যায়। এ সময় আটক করা হয় দুই রোহিঙ্গা শ্রমিককে। এরপর রোহিঙ্গাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পংকজ বড়ুয়ার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। রোহিঙ্গারা পাহাড় কাটার কথা স্বীকার করলে তাঁদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, কারাদণ্ড পাওয়া দুই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।