কক্সবাজারে পিটিয়ে যুবক হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ার চেয়ারম্যানপাড়ায় লাঠি দিয়ে পিটিয়ে আবদুল করিম (৩২) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।
করিমের বাড়ি চেয়ারম্যানপাড়ায়। তাঁর বাবা রশিদ আহমদ জানান, রোববার রাত আটটার দিকে এক যুবক লাঠি দিয়ে করিমের মাথায় আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে যায়।
এরপর স্থানীয় লোকজন করিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। গতকাল সোমবার সকালে ওই হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে করিম মারা যান।
হাসপাতালের চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া জানান, মাথা দিয়ে রক্তক্ষরণের কারণে করিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য করিমের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।