কক্সবাজারে পুলিশ ডাকাত বন্দুকযুদ্ধ
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাঁচামিয়ার ঘোনা এলাকায় গতকাল শনিবার ভোরে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধ হয়েছে। এতে পুলিশের চার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, পুলিশের আহত সদস্যরা হলেন কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম এবং কনস্টেবল ফরিদ আহমদ, বংশী বড়ুয়া ও অজয় বড়ুয়া। এ ঘটনায় ডাকাত সরদার মনির মিয়া গুলিবিদ্ধ হন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মনির মিয়ার নেতৃত্বে একদল ডাকাত বাঁচামিয়ার ঘোনা এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে হানা দেয়। তারা গ্রিল কেটে ঘরে ঢোকার চেষ্টা করলে বাড়ির লোকজন হইচই শুরু করেন। এ সময় ডাকাতদের গুলিতে সিরাজুল ইসলামের ভাগনি রোকসানা (১৭) আহত হয়। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ ও ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ওই সময় ডাকাত দলের ছররা গুলিতে পুলিশের চার সদস্য আহত হন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রোকসানাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সরদার মনির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্য ডাকাতেরা পালিয়ে গেছে। তিনি জানান, এ সময় দেশে তৈরি দুটি আগ্নেয়াস্ত্র, টাকা ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মনির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।