কক্সবাজারে বিক্রি হচ্ছে রং মেশানো পচা মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের হাটবাজারে বিক্রি হচ্ছে রং মেশানো নানা প্রজাতির সামুদ্রিক মাছ।
গত বৃহস্পতিবার সকালে শহরের বড়বাজারে গিয়ে দেখা যায়, রং মেশানো সামুদ্রিক পোপা, লইট্যা ও চিংড়ি বিক্রি হচ্ছে। ক্রেতারা তাজা মনে করে প্রতি কেজি ৯০ থেকে ২৪০ টাকায় এসব মাছ কিনে নিচ্ছেন।
স্থানীয় মাছ বিক্রেতা সৈয়দ আলম বলেন, ‘এই বাজারের কেউ মাছে রং মেশান না। শহরের অন্যতম পাইকারি মাছের বাজার নুনিয়াছটা ফিশারিঘাটের মৎস্য অবতরণ কেন্দ্রে অসাধু কিছু ব্যবসায়ী পচা মাছে ক্ষতিকর লাল রং মিশিয়ে বিক্রি করছেন। আমরা সেখান থেকে কিনে এই বাজারে বিক্রি করছি।’
শহরের বাহারছড়া, কানাইয়ারবাজার ও কালুর দোকানসহ বিভিন্ন বাজারেও রং মেশানো মাছ বিক্রি করতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাছ বিক্রেতা বলেন, শীত মৌসুমে পর্যটকের আগমন বেড়ে যাওয়ায় লইট্যা ও পোপা মাছের চাহিদা বেড়ে গেছে। তাজা লইট্যা ও পোপা দেখতে লাল দেখায়। পচে গেলে এই মাছ সাদা হয়ে যায়। এ কারণে এসব পচা মাছে লাল রং মেশানো হচ্ছে। অনেকে মাছ তাজা রাখতে ফরমালিনও মেশান। সৈকত এলাকার ভ্রাম্যমাণ দোকানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পর্যটকদের রং লাগানো পচা মাছ ভেজে খাওয়ানো হচ্ছে।
ভাজা মাছের একজন বিক্রেতা বলেন, তিনিও ফিশারিঘাট থেকে লইট্যা ও পোপা মাছ কিনে ভেজে পর্যটকদের কাছে বিক্রি করেন।
ফিশারিঘাটের মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, রং মেশানো পানিতে পোপা মাছ চুবাচ্ছেন ব্যবসায়ী মো. ইউনুস। আরও কয়েকজন ব্যবসায়ী মাছে লাল রং ছিটিয়ে দিচ্ছেন। এতে সাদা (পচা) মাছ লাল বর্ণ ধারণ করে তাজা দেখাচ্ছে।
স্থানীয় লোকজন বলেন, ফিশারিঘাটে পচা মাছে রং মেশানোর এই দৃশ্য প্রতিদিনের। রং মেশানো এই পচা মাছ স্থানীয় হাটবাজারে বিক্রির পাশাপাশি ট্রাকে করে ঢাকা-চট্টগ্রামে সরবরাহ করা হচ্ছে।
ব্যবসায়ী মো. ইউনুছ বলেন, ‘পচা মাছ তাজা দেখানোর জন্য আমরা মাছে রং লাগাই। অনেক সময় তাজা মাছেও লাল রং লাগাতে হয়। কারণ, রং দিলে মাছ সুন্দর দেখায়। ভালো দামে বিক্রি করা যায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন ব্যবসায়ী বলেন, রং মেশানো বেশির ভাগ মাছ সরবরাহ করা হয় রাজধানীর কারওয়ান বাজার ও চট্টগ্রামের ফিশারিঘাটে। এই মৎস্য অবতরণ কেন্দ্রের অন্তত ২০ জন ব্যবসায়ী শহরের বাইরে মাছ পাঠানোর আগে লাল রং মিশিয়ে দেন।
এ প্রসঙ্গে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, এই কেন্দ্র থেকে প্রতিদিন কয়েক শ মণ ইলিশ, কোরাল, রুপচাঁদাসহ বিভিন্ন প্রজাতির মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। মাছে ক্ষতিকর রং না মেশানোর জন্য নিষেধ করা হলেও কতিপয় ব্যবসায়ী ছোট প্রজাতির মাছে রং মিশিয়ে বিক্রি করছেন। তিনি বলেন, ‘রাজস্ব আদায়ে আমাদের বেশি ব্যস্ত থাকতে হয় বলে এদিকে খেয়াল রাখা সম্ভব হচ্ছে না।’
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মঈনউদ্দিন আহমদ বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেনের নেতৃত্বে একটি দল মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে মাছে রং মেশাতে দেখেননি। তিনি বলেন, শহরের বিভিন্ন হাটবাজারে ক্ষতিকর রং মেশানো মাছ বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা এস বি শর্মা সঞ্জয় বলেন, বিষাক্ত রং মেশানো মাছ খেলে নানা ধরনের রোগ দেখা দিতে পারে। ক্যানসারের ঝুঁকিও থাকে।