কক্সবাজারে গতকাল বুধবার ভোরে এক বৌদ্ধ ভিক্ষুকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। শহরের অগ্গামেধা বৌদ্ধবিহারে এ ঘটনা ঘটে।
হামলায় আহত উপেনদিতা মহাথের (৭৭) অগ্গামেধা বৌদ্ধবিহারের ভেতরে থাকা উইমাহ্লাটারা ক্যাংয়ের ভিক্ষু।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, বিহারের জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে উপেনদিতার ওপর হামলা চালিয়েছেন আরেক ভিক্ষু। তবে রামু কেন্দ্রীয় সীমাবিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, হামলাকারী মং য়াইন চীবর পরলেও তিনি ভিক্ষু নন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে মং য়াইন ছিন (৩৭) নামের একজন বৌদ্ধ ভিক্ষু উইমাহ্লাটারা ক্যাংয়ের দ্বিতীয় তলায় উঠে উপেনদিতার ওপর হামলা চালান। এই ক্যাংয়ের সামনের কিছু জমি মং য়াইন ছিনের পরিবারের সদস্যরা বিক্রি করেছেন। কিন্তু মং য়াইন ছিনের পরিবার এখন উইমাহ্লাটারা ক্যাংসহ ওই জমি তাদের বলে দাবি করে আসছে।
বিহারের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী অং চাই (২০)। তিনি বলেন, ভোরে ভিক্ষুর চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় ওপরে উঠতে চাইলে এক ব্যক্তি তাঁকে বাধা দেন। ভয় দেখিয়ে তাঁকে নিজ কক্ষে ফেরত পাঠানো হয়। পরে তিনি ক্যাং পরিচালনা কমিটির সদস্যদের মুঠোফোনে বিষয়টি জানান। তাঁরা ঘটনাস্থলে আসার আগেই হামলাকারী পালিয়ে যান।
নয় বছরের শিশু চা চে তিন বছর ধরে উপেনদিতা ভিক্ষুর সেবা করে আসছে। সে বলল, ভোরে এক ব্যক্তি এসে উপেনদিতাকে ডাকতে থাকেন। দরজা খুলে দিলে লাল কাপড় পরা এক ব্যক্তিকে দেখা যায়। ওই ব্যক্তি বিহারের ভেতরে ঢুকে উপেনদিতাকে একটি কাপড় দেন। এরপর নাশতা আনার জন্য তাকে (চা চে) টাকা দিয়ে বাইরে পাঠানো হয়। ফিরে এসে সে দেখতে পায়, উপেনদিতা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ওই সময় সেখানে আসা ওই ব্যক্তি ছিলেন না।
আহত উপেনদিতা মহাথেরকে (৭৭) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক পু চ নু জানান, লাঠি ও রড দিয়ে ভিক্ষুকে আঘাত করা হয়েছে। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর হাত ও পায়ে জখমের চিহ্ন আছে। তিনি শঙ্কামুক্ত।
সকাল সাড়ে আটটার দিকে উইমাহ্লাটারা ক্যাংয়ের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, মেঝেতে রক্তের দাগ। ভিক্ষু উপেনদিতার শয়নকক্ষেও রক্ত। ঘরের আসবাব এলোমেলোভাবে পড়ে আছে।
জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক মং টে লা বলেন, বিহারের জমি নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। তা ছাড়া অভ্যন্তরীণ কোন্দলও ছিল। এরই জের ধরে মং য়াইন ছিন এই হামলা চালিয়েছেন। মং য়াইন ভিক্ষু হলেও তিনি থাকেন শহরের গোলদীঘিরপাড়ের ভাড়া বাসায়। তিনি সব সময় মাদকাসক্ত থাকেন।
ক্যাং পরিচালনা কমিটির সভাপতি মং থাচিং বলেন, মং য়াইন হত্যার উদ্দেশ্যে উপেনদিতার ওপর হামলা চালিয়েছেন। কয়েক বছর আগে তাঁকে (মং য়াইন) এই ক্যাং থেকে বের করে দেওয়া হয়।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ প্রথম আলোকে বলেন, হামলাকারী মং য়াইন ছিন পালিয়ে গেছেন। তাঁকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
সকাল ১০টার দিকে গোলদীঘিরপাড়ের বাসায় গিয়ে মং য়াইন ছিনকে পাওয়া যায়নি। তাঁর বোন সেলামে রাখাইন (৩৮) জানান, ১২ দিন আগে মং য়াইন বান্দরবানের লামা থেকে বাসায় আসেন। তিন দিন আগে উপেনদিতার সঙ্গে বিহারে গিয়ে দেখা করেন তাঁর ভাই। ওই সময় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছিল বলে তাঁর ভাই জানিয়েছেন। গতকাল ভোরে মং য়াইন ছিন বাইরে যান। সকালে বাড়িতে পুলিশ এলে তিনি জানতে পারেন তাঁর ভাই উপেনদিতা ভিক্ষুর ওপর হামলা চালিয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ভিক্ষু মং য়াইন ছিনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন ক্যাং পরিচালনা কমিটির সভাপতি মং থাচিং।
রামু কেন্দ্রীয় সীমাবিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হামলা হয়েছে। হামলাকারী মং য়াইন ভিক্ষু নন। স্বভাব-চরিত্র ভালো নয় বলে তাঁকে ধর্মীয় কোনো অনুষ্ঠানে ডাকা হয় না।