কক্সবাজারে বেড়াতে গিয়ে তরুণীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজার শহরে বেড়াতে এসে স্বর্ণা রশিদ নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার স্বর্ণা তাঁর বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিল। সেদিন রাতেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ স্বর্ণার এক বন্ধুকে আটক করে কারাগারে পাঠিয়েছে। অন্যরা পালিয়ে গেছে।

পুলিশ জানায়, স্বর্ণা রশিদ রাজধানীর একটি প্রতিষ্ঠানে ‘এ লেভেল’র শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রাজধানীর চকবাজারের ৭ নম্বর বেগম বাজার এলাকায়। বাবার নাম হারুন উর রশিদ। গতকাল শনিবার রাতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনেরা স্বর্ণার লাশ ঢাকায় নিয়ে গেছেন।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) খাইরুজ্জামান প্রথম আলোকে বলেন, স্বর্ণা রশিদ গত বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে আসেন। শুক্রবার সকালে তাঁরা কলাতলীর একটি হোটেলে ওঠেন। ওই দিন রাতে স্বর্ণা অসুস্থ হলে বন্ধুরা তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন আবদুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, সন্ধ্যার সময় মেয়েটিকে ( স্বর্ণা) একবার জরুরি বিভাগে আনা হয়েছিল । তখন তিনি স্বর্ণাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দিয়েছিলেন। কিন্তু বন্ধুরা ঢাকায় ফিরে যাওয়ার কথা বলে স্বর্ণাকে নিয়ে যান । রাত সাড়ে ৯টার দিকে স্বর্ণাকে নিয়ে বন্ধুরা আবার হাসপাতালে আসেন। ততক্ষণে স্বর্ণা মারা গেছেন। ভিসেরা রিপোর্ট হাতে এলে মৃত্যু কারণ জানা যাবে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বর্ণার বন্ধু ওয়ালী আহমদ খানকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল শনিবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের বাসিন্দা।