কক্সবাজারে বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২
কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া খুরুশকুল সড়ক থেকে গতকাল মঙ্গলবার দুপুরে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আটককৃত ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুহুরীপাড়ার (কক্সবাজার সরকারি কলেজের পেছনে) মো. করিম উল্লাহ ও শহরের রুমালিয়ারছড়ার মো. রমিজ।
র্যাব-৭ কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকযোগে (টমটম) বিস্ফোরক দ্রব্য খুরুশকুল সড়ক দিয়ে মৌলভি শফিকুর রহমান নামের এক ব্যক্তির কাছে পাচার করার সময় র্যাব সদস্যরা দুই ব্যক্তিকে আটক করেন। এ সময় টমটম থেকে দুটি বস্তায় মোড়ানো পাইপ, বোমা তৈরির ৭৮টি লোহার কেসিং ও বিস্ফোরক দ্রব্যের নামসংবলিত একটি তালিকা উদ্ধার করা হয়।
বিকেল সাড়ে চারটার দিকে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিস্ফোরক দ্রব্যগুলো দিয়ে তাঁরা শহরে নাশকতার পরিকল্পনা করেছিলেন। তালিকার বিস্ফোরক দ্রব্যগুলো সংগ্রহ করতে পারলেই তাঁরা বড় ধরনের নাশকতা সৃষ্টি করতন। এ ঘটনায় জড়িত অন্যদেরও ধরার চেষ্টা চলছে।
লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে আটককৃত দুজন কোনো নিষিদ্ধ রোহিঙ্গা সংগঠনের সদস্য। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বোমা তৈরির সরঞ্জামগুলো কোথা থেকে আনা হয়েছে, তারও অনুসন্ধান চলছে। উদ্ধার সরঞ্জামগুলো র্যাবের বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করছেন।