কক্সবাজারে ব্যবসায়ী হত্যায় তিন সহোদরের মৃত্যুদণ্ড
কক্সবাজারের চকরিয়ায় এক ব্যবসায়ীকে অপহরণ করে খুনের মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া তিন সহোদর হলেন আবু বক্কর, ইউনুস হোসেন ও ইব্রাহিম মুস্তাফা। তাঁদের বাড়ি চকরিয়া বদরখালী ইউনিয়নের মগনামা এলাকায়। বাবার নাম নুর আহমদ।
অপহরণের পর খুন হওয়া ব্যবসায়ী নুরুল হুদা ও মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা প্রতিবেশী। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, আদালত একটি ধারায় তিন সহোদরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আরেকটি ধারায় তিন সহোদরসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অপর আসামির নাম মোহাম্মদ সোহাইব।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে আবু বক্কর ছাড়া অন্যরা পলাতক। রায় ঘোষণার পর তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
মামলা ও আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৩০ জুন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকায় স্থানীয় কাপড়ের দোকানদার নুরুল হুদাকে সিএনজিচালিত অটোরিকশা করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তিন ঘণ্টা পর তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়। তদন্ত শেষে পুলিশ একই বছরের নভেম্বর মাসে পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
অভিযোগপত্রে বলা হয়, চিংড়ি ঘের, জায়গাজমি ও স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে আসামিরা এ হত্যাকাণ্ড ঘটান।
পরে মামলাটি বিচারের জন্য কক্সবাজার আদালত থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
১৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোহাম্মদ শাফায়াত নামের একজনকে বেকসুর খালাস দেন আদালত।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী ও নিহত ব্যক্তির ছেলে মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতে যেন এই রায় বহাল থাকে। আসামিদের সাজা যেন দ্রুত কার্যকর হয়।