কক্সবাজারে ভারতীয় দুই নারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারের অভিযোগে গতকাল রোববার কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ভারতীয় দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যা ব। এ সময় কক্সবাজারের উখিয়ার দুই তরুণীকে উদ্ধার করা হয়।
র‌্যাব বলছে, ভারতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ওই দুই তরুণীকে পাচার করা হচ্ছিল। ভারতে নেওয়ার পর তাদের সেখানকার যৌনপল্লিতে বিক্রির পরিকল্পনা ছিল পাচারকারীদের।
গ্রেপ্তার ভারতীয় নারীরা হলো লক্ষ্মী মোহন্ত (৬০) ও পূজা হালদার (১৮)।
র‌্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের পরিচালক মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ভারতীয় ওই দুই নারী পাঁচ দিন আগে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করে। ২ জুলাই তারা কক্সবাজারের উখিয়ায় আসে। চট্টগ্রাম যাওয়ার জন্য উখিয়ার ওই দুই তরুণীকে নিয়ে গতকাল বিকেলে তারা কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে আসে। এ সময় র‌্যাব ভারতীয় দুই নারীকে গ্রেপ্তার করে। পরে উখিয়ার ওই দুই তরুণীকে উদ্ধার করা হয়। তিনি বলেন, ভারতের দিল্লিতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ওই দুই তরুণীকে পাচারের চেষ্টা করছিল ওই দুই ভারতীয় নারী। তাদের উদ্দেশ্য ছিল ওই দুই তরুণীকে ভারতের যৌনপল্লিতে বিক্রি করা। জিজ্ঞাসাবাদে ওই দুই ভারতীয় নারী র্যা বের কাছে এ কথা স্বীকারও করেছে।
র‌্যাব সূত্র জানায়, দেশি-বিদেশি একটি চক্র উখিয়ার বিভিন্ন পাহাড়-জঙ্গলে বসবাসরত মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা তরুণীদের ফাঁদে ফেলে ভারতে পাচার করে যৌনপল্লিতে বিক্রি করছে। গ্রেপ্তার দুই ভারতীয় নারী স্বীকার করেছে, তারা ছয় বছর ধরে বাংলাদেশ থেকে নারীদের ভারতে পাচার করছে। পাচার করার পর তারা নারীদের ভারতের বিভিন্ন যৌনপল্লিতে বিক্রি করে।
র‌্যাব জানায়, গ্রেপ্তার ভারতীয় দুই নারীকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি জানান, উদ্ধার দুই তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।