কক্সবাজারে মাছ ধরার ট্রলারে ৫ লাখ ইয়াবা

মাছ ধরার একটি ট্রলারে লুকিয়ে টেকনাফ সমুদ্র উপকূল দিয়ে পাচারের সময় শুক্রবার সকালে পাঁচ লাখ ইয়াবা বড়ি জব্দ করেছে র্যাব। এ সময় পাচারের অভিযোগে আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবার চালানটি মিয়ানমার থেকে কক্সবাজারে আনা হচ্ছিল। ইয়াবার দাম ২০ কোটি টাকা হতে পারে।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার মো. কালু ও মো. রফিক, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মোহাম্মদ রফিক, মো. হাসান, হাসমত আলী, নুরুল আলম, মো. নাসির ও মজিবুল ইসলাম।
শুক্রবার বিকেলে কক্সবাজার র্যাব কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বলেন, কয়েকটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র সমুদ্র উপকূল দিয়ে মাছের ব্যবসার আড়ালে মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে আনছে। শুক্রবার সকাল ছয়টার দিকে র্যাবের বিশেষ একটি দল কক্সবাজারের সন্নিকটে গভীর সমুদ্রে টহল দিচ্ছিল। এ সময় টেকনাফের দিক থেকে একটি মাছ ধরার ট্রলার কক্সবাজারের দিকে আসতে দেখা যায়। থামার সংকেত দিলে ট্রলারটি গভীর সমুদ্রের দিকে পালাতে থাকে। এ সময় ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মিয়ানমার থেকে ট্রলারে ইয়াবার নিয়ে তাঁরা কক্সবাজারের উদ্দেশে আসছিলেন। এর মালিক চট্টগ্রামের পটিয়া উপজেলার মুরালী গ্রামের মো. ইউসুফ। আগে তাঁরা মাছ ধরার ট্রলারে লুকিয়ে বেশ কয়েকটি চালান খালাস করেছেন।