কক্সবাজারে মানব পাচারের অভিযোগে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মানব পাচারের অভিযোগে কক্সবাজার সদর ও উখিয়া থেকে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আটক তিন ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গতকাল বুধবার সকালে পুলিশ সদর উপজেলার চৌফলদণ্ডি গ্রাম থেকে মো. একরামকে গ্রেপ্তার করেছে। তিনি চৌফলদণ্ডি ইউনিয়ন পরিষদের সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যা, মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা আছে।
পুলিশ জানায়, একই সময়ে পুলিশ ঝিলংজা ইউনিয়নের বিজিবি ক্যাম্প-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাবিব উল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করে। তাঁর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে দুটি মামলা আছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রাম থেকে মানব পাচারের অভিযোগে মো. রাসেলকে আটক করে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, মানব পাচারের অভিযোগে রাসেলের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।
চট্টগ্রামে গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত মানব পাচারকারী আবদুর রাজ্জাককে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে বাঁশখালীর পুইছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মানব পাচারের অভিযোগে রাজ্জাকের বিরুদ্ধে বাঁশখালী থানায় তিনটি ও কক্সবাজারের পেকুয়া থানায় তিনটি মামলা আছে। তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য বাঁশখালীর বিচারিক হাকিমের আদালতে আবেদন করা হয়েছে। আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রাজ্জাক স্বীকার করেছে, একসময় সে ডাকাতি করত। গত পাঁচ বছর ধরে ডাকাতি ছেড়ে মানব পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে সে। রাজ্জাক দেশের বিভিন্ন এলাকার দরিদ্র লোকজনকে সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য দালালদের হাতে তুলে দিত। আবদুর রাজ্জাক এ পর্যন্ত ২৫০ থেকে ৩০০ জনকে পাচার করার কথা স্বীকার করেছে।