কক্সবাজারে মুক্তিপণের টাকাসহ আটক ১
কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে মুক্তিপণের দেড় লাখ টাকাসহ শাহ জালাল নামের এক মানব পাচারকারী দালালকে আটক করেছে। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম গ্রামের মো. ছিদ্দিকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, এক মাস আগে পেকুয়া উপজেলার আবু তাহেরের ছেলে কায়সারকে অপহরণ করে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশে পাচার করে দালাল চক্র। চক্রটি কায়সারের পরিবার থেকে মুক্তিপণের দেড় লাখ টাকা দাবি করে। গতকাল দুপুরে অপহৃত কায়সারের মামা জালাল উদ্দিন বাস টার্মিনালের কাছে মুক্তিপণের টাকা নিয়ে আসেন। এরপর টাকা নিয়ে ফিরে যাওয়ার সময় পুলিশ শাহ জালালকে হাতেনাতে আটক করে।
জালাল উদ্দিন জানান, মালয়েশিয়া থেকে হারুন নামের এক দালাল মুঠোফোনে তাঁকে জানায়, কায়সার থাইল্যান্ডের জঙ্গলে বন্দী রয়েছে। ওখান থেকে মুক্ত করে মালয়েশিয়ায় নিতে হলে দেড় লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এ সময় কায়সারের সঙ্গেও কথা বলতে দেয়।
শাহ জালাল জানান, মালয়েশিয়াতে তাঁর দুলাভাই হারুন থাকে। তাঁর দাবি, দুলাভাইয়ের (হারুন) কথামতো তিনি বাস টার্মিনাল আসেন টাকা নিতে। কিন্তু এসব কিসের টাকা তাঁর জানা নেই। মানব পাচারেও তিনি জড়িত নন।