কক্সবাজার শহরের বাইপাস সড়কের পাহাড়ে অভিযান চালিয়ে ১০টি রামদাসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো শহরের কলাতলী চন্দ্রিমা এলাকার আবদুল কাইয়ুম, নবী হোসেন, মোজাম্মেল হক, মো. রফিক ও মিজানুর রহমান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে সন্ত্রাসী আবদুল কাইয়ুমের নেতৃত্বে শতাধিক ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে শহরের পুলিশ লাইনের (বাইপাস সড়কে) পাশে কোটি টাকা দামের দুই একর সরকারি জমি দখল করতে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পাহাড়ে আত্মগোপন করে। পরে পুলিশ পাহাড়ে অভিযান চালিয়ে ১০টি রামদাসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০টি রামদা ও তিনটি শাবল উদ্ধার করা হয়েছে।