কক্সবাজারে লবণ ব্যবসায়ীর প্রায় ৬ লাখ টাকা লুট
কক্সবাজারে লবণ ব্যবসায়ী ফারুকুল ইসলামের পাঁচ লাখ ৮০ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় দুজন আহত হন। সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়া বাজারে গত সোমবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। ধর্মেরছড়া বাজারে ফারুকুলের বোগদাদী সল্ট নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
ফারুকুলের বাবা কবির আহমদ, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকার একটি লবণ কোম্পানির বকেয়া টাকা পরিশোধ করতে ফারুকুল ব্যাংক থেকে পাঁচ লাখ ৮০ হাজার টাকা তুলে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে রাখেন। গতকাল মঙ্গলবার সকালে ওই টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু সোমবার রাতে স্থানীয় সোনা মিয়ার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দোকানে হামলা চালিয়ে এই টাকা লুট করে। এ সময় দুর্বৃত্তরা গরম তেল ছুড়ে ফারুক ও তাঁর ভাই রেজাউল করিমের শরীর ঝলসে দেয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল দুপুরে আহত দুজনের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে সোনা মিয়াসহ ১২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। জমিসংক্রান্ত বিরোধ নিয়ে এই হামলা ও টাকা লুটের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।