কক্সবাজারে লাঠির আঘাতে স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলে লাঠির আঘাতে আহত স্কুলছাত্র সাইফুল ইসলাম (১৫) মারা গেছে।
সাইফুলের বাড়ি খুরুস্কুলের রুহুল্যারডেইল গ্রামে। সে খুরুস্কুল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
খুরুস্কুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দীন বলেন, মাস তিনেক আগে সাইফুলের সঙ্গে সহপাঠী আরিফ হোসেনের তর্কাতর্কি হয়। এই ঘটনার জের ধরে গত রোববার বেলা আড়াইটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইউনিয়নের ফকিরপাড়ায় লাঠি দিয়ে সাইফুলের মাথায় আঘাত করে আরিফ হোসেন। এতে গুরুতর আহত হয় সাইফুল। সেদিন তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল সোমবার সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথে বেলা তিনটার দিকে চট্টগ্রামের পটিয়া এলাকায় তার মৃত্যু হয়।
আরিফ হোসেনের বাড়ি একই ইউনিয়নের ফকিরপাড়ায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ঘটনার পর আরিফ পালিয়ে গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তার মা শানু বেগমকে আটক করা হয়েছে। তিনি জানান, ময়নাতদন্তের জন্য স্কুলছাত্রের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।