কক্সবাজারে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে চোরাচালানিদের কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী একরাম হোসেন (৩২) গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিতে একরামের দুই পা জখম হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম বলেন, ডিবি পুলিশের একটি দল মেরিন ড্রাইভ সড়কে ইয়াবাবিরোধী অভিযান শুরু করে। ভোর চারটার দিকে টেকনাফ থেকে আসা একটি যাত্রীবাহী জিপগাড়িকে (চান্দের গাড়ি) থামার সংকেত দিলে গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা ‘বন্দুকযুদ্ধ’ শেষে পাচারকারীরা পাহাড়ে আত্মগোপন করলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী একরাম হোসেনসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তিন হাজার ইয়াবা, একটি এলজি, দুই রাউন্ড গুলিসহ জিপগাড়িটি জব্দ করা হয়।