কক্সবাজারে সওজের জমি দখল, অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের ঝিলংজা এলাকার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোটি টাকা মূল্যের জমি দখল করে সেখানে বিভিন্ন স্থাপনা তৈরি করছে স্থানীয় প্রভাবশালী চক্র। দুই দিন ধরে দখল তৎপরতা চললেও সেখানে সওজ বিভাগের কেউ যাননি।
গতকাল রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, কয়েকজন শ্রমিক সড়কের পাশে মূল্যবান জমিটি টিনের বেড়া দিয়ে ঘিরে রাখছেন।
শ্রমিকেরা জানান, তাঁরা দৈনিক বেতনে অবকাঠামো নির্মাণের কাজ চালাচ্ছেন। টিন দিয়ে ঘিরে ফেলা জমিটি স্থানীয় মৌলভী গফুরের নেতৃত্বে আবুল মনসুর, আবুল কাশেমসহ কয়েকজন প্রভাবশালী দখল করে নিয়েছেন। এখন সেই জমিতে তাঁরা ঘরবাড়ি নির্মাণ করছেন।
এ প্রসঙ্গে মৌলভী গফুরের বক্তব্য পাওয়া যায়নি। তবে আবুল মনসুর বলেন, জমিটি তাঁরা অন্যের কাছ থেকে কিনে নিয়েছেন। এই জমি সড়ক ও জনপথ বিভাগের কি না, তাঁর জানা নেই।
সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী নুর-ই আলম বলেন, সরকারি কাজে তিনি কক্সবাজারের বাইরে রয়েছেন। আজ সোমবার কক্সবাজার পৌঁছে জমি দখলের বিষয়ে ব্যবস্থা নেবেন।