কক্সবাজারে সন্ত্রাসী হামলায় তিন সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের উঁচু পাহাড় কাটার ভিড়িওচিত্র ধারণ করতে গিয়ে গতকাল শনিবার দুপুরে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন স্থানীয় তিনজন গণমাধ্যমকর্মী।
তাঁরা হলেন বৈশাখী টিলিভিশনের জেলা প্রতিনিধি শফি উল্লাহ, সহকারী ক্যামেরাম্যান জসিম উদ্দিন ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গুর জেলা প্রতিনিধি জসীম উদ্দিন সিদ্দিকী। আহত সাংবাদিকদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালে গিয়ে দেখা গেছে, গুরুতর আহত তিন সাংবাদিক হাসপাতালের সিটে কাতরাচ্ছেন। লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে সংবাদকর্মীদের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে, ফুলে গেছে।
আহত সাংবাদিক শফি উল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা তিন গণমাধ্যমকর্মী পাহাড় কাটার ভিডিওচিত্র ধারণ করার জন্য প্রতিবেশ সংকটাপন্ন কলাতলী ও আদর্শগ্রাম এলাকার সরকারি পাহাড় কাটার ভিডিওচিত্র ধারণ করেন। এ সময় জেলা প্রশাসনের চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারী আবাসন প্রকল্প ‘৫১ একরে’ গিয়ে ভিডিওচিত্র ধারণ করার সময় জেলা প্রশাসনের দুই কর্মচারী নাছির ও হাশেম এবং আনসার সদস্য বেদার ও সরওয়ারের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী তাঁদের (সাংবাদিকদের) ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় তাঁদের ভিডিও ক্যামেরা, মুঠোফোনসহ অন্যান্য মালামাল লুট করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার বলেন, ডিসি অফিসের কর্মচারী ও আনসার সদস্যরা মিলে তিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে। এর প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন গতকাল বিকেলে প্রতিবাদ সভা করে এ ঘটনার নিন্দা জানিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার আহমদ বলেন, হাসপাতালে গিয়ে আহত তিন সাংবাদিকের জবানবন্দি নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।