কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে শিশুসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলীর ইউসুফের ঘোনা এলাকায় গত শুক্রবার রাতে সন্ত্রাসীদের ছোড়া ছররা গুলিতে দেড় বছরের শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহ মোহাম্মদ ইয়াছিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুলিবিদ্ধ তিনজন হলো ইউসুফের ঘোনা এলাকার বাদশা মিয়ার ছেলে মো. তুষার (১৬ মাস), মিনারা বেগম (১৬) ও আসমা হোসনা (২২)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া পূর্ব পাহাড়তলী এলাকার মোহাম্মদ ওয়াসিম সম্প্রতি কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন। এলাকায় ফিরে ওয়াসিম তাঁকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য কয়েকজন ব্যক্তিকে অভিযুক্ত করেন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে শুক্রবার রাতে ইউসুফের ঘোনা এলাকায় সালিস বসে। এ সময় ওয়াসিমের লোকজন কয়েকটি গুলি ছোড়ে। এতে শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়। শিশুটিকে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।