কক্সবাজারে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে ২ দুজন নিহত: পুলিশ
কক্সবাজার শহরের (বাইপাস সড়কে) পুলিশ লাইনের পেছনের পাহাড়ে আজ রোববার বেলা একটার দিকে গোলাগুলির ঘটনায় দুজন মারা গেছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা সন্ত্রাসী দলের সদস্য।
নিহত দুজন হলেন, শহরতলির বাদশাঘোনা এলাকার মৃত বখতিয়ার আহমদের ছেলে নুরুল আলম (৪০) ও মিয়ানমারের বাসিন্দা কালু মিয়া (২৮)।
আজ বেলা দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুহাম্মদ মুরাদ জানান, হাসপাতালের আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। দুজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন প্রথম আলোকে জানান, আধিপত্য বিস্তার ও জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে রকি ও হাসনাত বাহিনীর সন্ত্রাসীরা আজ বেলা একটার দিকে পাহাড়ে (পুলিশ লাইনের পেছনে) গোলাগুলি শুরু করে। বন্দুকযুদ্ধ শুরু হয়। দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পাহাড়ে আত্মগোপন করে। এ সময় পুলিশ পাহাড়ি অঞ্চল থেকে নুরুল আলম ও কালু মিয়ার লাশ উদ্ধার করে। এ ছাড়াও ফেলে যাওয়া তিনটি কাটাবন্দুক, পাঁচটি তাজা কার্তুজ, দুটি মুখোশ পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নুরুল আলমের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। আর মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) কালু ডাকাতের বিরুদ্ধে রয়েছে ডাকাতিসহ তিনটি মামলা।
ওসি আসলাম হোসেন জানান, গত ১৬ অক্টোবর রাতেও শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতিবাজার এলাকায় রকি ও হাসনাত বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে শেখ আবদুল্লাহ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছিল। তিনি সমিতি বাজার এলাকার ওবায়দুল হকের ছেলে। ১৭ অক্টোবর রাতে ওবায়দুল হক বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় রকি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইসমাইলকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ইসমাইল সমিতিবাজার এলাকার দিল মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, দুই বাহিনীর প্রধান রকি ও হাসনাত বর্তমানে কক্সবাজার কারাগারে বন্দীজীবন কাটাচ্ছেন। তাদের অবর্তমানে রকি বাহিনীর নেতৃত্ব রানা, আর হাসনাত বাহিনী নেতৃত্বে আছে নুরুল। আজ দুপুরে এলাকার আধিপত্য বিস্তার ও পাহাড়ি জমি দখল নিয়ে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয়।
পুলিশের ভাষ্য, সন্ত্রাসীদের ধরতে এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।