কক্সবাজারে সাতটি আগ্নেয়াস্ত্রসহ পাচারকারী গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালী থেকে যাত্রীবাহী বাসে করে লক্ষ্মীপুরে পাচারের সময় গতকাল সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাতটি আগ্নেয়াস্ত্রসহ মো. নাঈম উদ্দিন (৩০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) দেওয়ান আবুল হোসেন এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, কক্সবাজার থেকে এস আলম পরিবহনের একটি বাসে করে নাঈম চট্টগ্রাম হয়ে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। সঙ্গে আগ্নেয়াস্ত্র আছে—এমন গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ গতকাল দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি শুরু করে। এ সময় নাঈমের ব্যাগ তল্লাশি করে সাতটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পাঁচটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। মহেশখালীর পাহাড়ে স্থাপিত ভ্রাম্যমাণ কারখানায় এসব অস্ত্র তৈরি হচ্ছে।
পুলিশ জানায়, নাঈম উদ্দিন পুলিশের কাছে স্বীকার করেছেন, জব্দ অস্ত্রগুলো বিক্রির জন্য মহেশখালী থেকে লক্ষ্মীপুর নিচ্ছিলেন।