কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
কক্সবাজারে গত শনিবার এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পৌর এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তার বান্ধবী ফুসলিয়ে কক্সবাজার শহরে নিয়ে যায়। বিকেলে চার যুবক ওই স্কুলছাত্রীকে বান্ধবীর সহযোগিতায় হোটেলে নিয়ে ধর্ষণ করে। পরে চার যুবক তাকে হোটেলে ফেলে পালিয়ে যায়। শনিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার ওই বান্ধবী। পরে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তার বান্ধবীকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় গতকাল রোববার ওই স্কুলছাত্রীর বাবা পাঁচজনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল সকালে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস প্রথম আলোকে বলেন, মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।