কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি হোটেল থেকে গত বুধবার এক তরুণীর (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত পুলিশ ওই তরুণীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। গতকাল সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ধর্ষণের পর হোটেল কক্ষে ওই তরুণীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার বেলা আড়াইটার দিকে পুলিশ ফয়সাল গেস্টহাউস নামের একটি হোটেলের ১০৬ নম্বর কক্ষ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ হোটেল বয় মো. জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে। জামালের বাড়ি উখিয়া উপজেলার সিকদার বিল গ্রামে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, হোটেল রেজিস্টারে নিহত তরুণীর নাম লেখা হয়েছে তাসলিমা আকতার (২৪)। স্বামী পরিচয়ে তাঁর সঙ্গে হোটেলে ওঠা ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে হাবিবুর রহমান। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তাঁরা হোটেলে ওঠেন।
ওসি জানান, পুলিশ ওই দুজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। স্বামী পরিচয় দেওয়া হাবিবুর রহমান পলাতক।