কক্সবাজারে হোটেল কর্মীকে হাতুড়িপেটা
কক্সবাজার শহরে গত বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীর হাতুড়িপেটায় আহত হয়েছেন হোটেল কর্মী মো. এনায়েত উল্লাহ (৩৭)।
এনায়েত উল্লাহ কক্সবাজারের সি-গাল হোটেলের সহকারী ব্যবস্থাপক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সি-গাল হোটেলের প্রধান নির্বাহী ইমরুল ছিদ্দিকী বলেন, বৃহস্পতিবার রাতে কাজ শেষে এনায়েত উল্লাহ শহরের ঝাউতলার বাসায় ফিরছিলেন। রাত ১২টার দিকে হলিডে মোড় অতিক্রম করে তিনি আবহাওয়া অধিদপ্তরের কার্যালয়ের সামনে পৌঁছালে চার-পাঁচজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে তাঁর মাথা ও শরীরে আঘাত করতে থাকে। এ সময় এনায়েতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য এনায়েতকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, হামলাকারীদের ধরার চেষ্টা চলছে।