কক্সবাজারে ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর একটি চিংড়িঘেরে অভিযান চালিয়ে দেশে তৈরি ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে ১১টি আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তারের তথ্য জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মো. শরাফত ইসলাম। তিনি জানান, বদরখালীর একটি চিংড়িঘেরে ডাকাতির জন্য অস্ত্র মজুতের খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের সদস্যরা ফজল কাদের ওরফে ফজইল্যা ডাকাতকে (৪০) গ্রেপ্তার করেন। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন। গ্রেপ্তারের সময় ফজল কাদেরের কাছে দেশে তৈরি একটি ওয়ান শুটারগান পাওয়া যায়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী শাহরিয়াপাড়ার রাস্তার পাশের জঙ্গল থেকে দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, ২১টি কার্তুজ, দুটি মুঠোফোন ও ৪ হাজার ৫৩২ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ফজলের বিরুদ্ধে মহেশখালী ও চকরিয়া থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা আছে।