কক্সবাজারে ২১২ করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চল
কক্সবাজারের বিভিন্ন স্থানে স্থাপিত ২১২টি করাতকলে উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বনাঞ্চলের আশপাশে অবৈধভাবে এসব করাতকল স্থাপন করা হলেও তা উচ্ছেদ করা হচ্ছে না।
বন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ২১২টি করাতকলের মধ্যে চকরিয়ায় ৩৯, পেকুয়ায় ১৮, সদর উপজেলায় ৩৩, টেকনাফে ২২, রামুতে ২৬, কুতুবদিয়ায় ১৩, মহেশখালীতে ২১ ও উখিয়ায় ৪০টি রয়েছে। এসব করাতকলের কোনোটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। ১৭টি করাতকলের বন বিভাগের লাইসেন্স থাকলেও ইতিমধ্যে তা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। বনাঞ্চলের ১০ কিলোমিটারের ভেতরে করাতকল স্থাপনের নিয়ম না থাকলেও ৯০ শতাংশ করাতকল স্থাপন করা হয়েছে বনাঞ্চলের আশপাশে।
রামুর রশিদনগর সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে করাতকল স্থাপন করেন স্থানীয় ব্যবসায়ী শফিকুর রহমান। এ কলে প্রতিদিন চিরাই হচ্ছে বনাঞ্চলের অসংখ্য চোরাই গাছ। উপজেলার রাজারকুল ইউনিয়নের শিকলঘাট এলাকায় আরেকটি করাতকল স্থাপন করেন স্থানীয় আনু মিয়া। উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে বনাঞ্চলের ভেতরে রয়েছে এ রকম আরও তিনটি করাতকল।
করাতকল স্থাপনের বিষয়ে আনু মিয়া জানান, তিন বছর আগে তিনি এই করাতকলটি স্থাপন করে লাইসেন্সের জন্য বন বিভাগে আবেদন করেছেন। কিন্তু বন বিভাগ তাঁর কলটি বনের ভেতরে থাকার অভিযোগ তুলে লাইসেন্স দিচ্ছে না। তবে শফিকুর জানান, লাইসেন্স না পাওয়া পর্যন্ত তাঁর করাতকলটি যেন উচ্ছেদ না হয়, সে জন্য তিনি উচ্চ আদালতে রিট করেছেন।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে গিয়ে উখিয়ার পালংখালী, রাজাপালং, রত্নাপালং, হলদিয়া ও জালিয়া পালং ইউনিয়নের বনসমৃদ্ধ এলাকায় অন্তত ২০টি করাতকল দেখা গেছে। উখিয়া সদরের বিভিন্ন স্থানে রয়েছে আরও ২০টি করাতকল। এসব করাতকলে দিনরাত চিরাই হচ্ছে বনাঞ্চলের গাছ। পরিবেশবাদী সংগঠন ‘ইনানী বনরক্ষা কমিটির’ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী জানান, এসব করাতকলের জন্য বনাঞ্চলের গাছপালা রক্ষা করা যাচ্ছে না।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. ইব্রাহিম জানান, অবৈধ করাতকল উচ্ছেদে যৌথ অভিযান দরকার। তাই একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটসহ বিজিবি ও পুলিশ সদস্য নিয়োগের জন্য প্রশাসনে আবেদন করা হয়েছে। কিন্তু সাড়া মিলছে না।
মহেশখালীর বড়মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর, কুতুবজোম ও মাতারবাড়ীতে ওই ২১টি করাতকল স্থাপন করে পাহাড়ের সেগুন, একাশি, গর্জনসহ বিভিন্ন প্রজাতির গাছ চিরাই হচ্ছে।
পেকুয়া সদর ইউনিয়নের নতুন বাজার প্রধান সড়কের পাশে দুটি, পশ্চিম পাশে একটি, বারবাকিয়ায় দুটি, টইটং হাজীবাজারে দুটি, মৌলভীবাজারে দুটি, টইটং বাজারে একটি, রাজাখালীর আরবশাহ বাজারে দুটি, কবির আহমদ চৌধুরী বাজারে রয়েছে ছয়টি করাতকল।
সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নে রয়েছে ১৯টি করাতকল। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান, বনাঞ্চলের পাশে করাতকল স্থাপন করায় মেহেরঘোনা, ভোমরিয়াঘোনা, ফুলছড়ি, রাজঘাট
ও নাপিতখালী বনাঞ্চল উজাড় হচ্ছে। চোরাই গাছের ব্যবসা করে এলাকায় অনেকে রাতারাতি কোটিপতি হচ্ছেন।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধ করাতকলের জন্য বনাঞ্চল রক্ষা করা যাচ্ছে না। বনাঞ্চলের গাছ কেটে করাতকলে চিরাই করে তারপর পাচার করা হচ্ছে। এতে পরিবেশের পাশাপাশি জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে। অভিযান চালিয়ে করাতকল উচ্ছেদ করা হলেও পরে স্থাপন করা হচ্ছে। বেশির ভাগ করাতকল ডিজেল ইঞ্জিনচালিত। অভিযানের আগেই তা অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরিবেশ ছাড়পত্র ছাড়া করাতকল স্থাপন নিষিদ্ধ।
কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শাহী-ই আলম জানান, হাতে গোনা কয়েকটি ছাড়া বাকি সব করাতকলের বিপরীতে বৈধ কোনো কাগজপত্র নেই। ইতিমধ্যে পুলিশ-বিজিবি-বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে কিছু করাতকল উচ্ছেদ করেছে। অন্যগুলোও উচ্ছেদের চেষ্টা চলছে।