কক্সবাজারে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, ২ রোহিঙ্গাসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই রোহিঙ্গাসহ চারজনকে আটক করেছে র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালী বাজার থেকে ৩০ হাজার ও সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উখিয়ার বালুখালী পানখালী বাজার থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদী হাসান ও কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন।

র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল খারাংখালী বাজার এলাকায় মো. শফিকুল ইসলাম (২১) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ৩০ হাজার ইয়াবা বড়িসহ আটক করে। এ সময় মো. ইব্রাহিম নামের অপর একজন পালিয়ে যান। আটক ওই ব্যক্তি খারাংখালী নতুনপাড়ার বাসিন্দা মো. আজিজুল হকের ছেলে। এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উখিয়ার বালুখালীর পানবাজার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের একটি বিশেষ দল ১০ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে। তাঁরা হলেন বালুখালীর বাসিন্দা জাফর আলম (৪২), বালুখালী রোহিঙ্গা শিবিরে বসবাসকারী দুই রোহিঙ্গা আবদুল গফুর (৩২) ও মো. সেলিম (২৮)। তাঁদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।