কক্সবাজারে ৫ লাখ ইয়াবা বড়ি উদ্ধার
গভীর সাগরে মাছ ধরার একটি ট্রলারে এবং কক্সবাজার শহরে এক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে মোট ৫ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। এর মধ্যে ট্রলারে সাড়ে ৪ লাখ এবং বাসায় ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া গেছে। দুটি ঘটনায় মিয়ানমারের পাঁচ নাগরিকসহ নয়জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রলারটিও।
গত শুক্রবার দিবাগত রাত একটা থেকে আড়াইটা পর্যন্ত কক্সবাজার সাগর উপকূল ও কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় অভিযান চলে। আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা মো. সুলতান আহমদ (৪০), খাগড়াছড়ি রামগড়ের মো. মিজানুর রহমান (৪৭), লক্ষ্মীপুরের রামগতির আবদুর রউফ (৪৫), রংপুর মিঠাপুকুরের মো. আবদুর রাজ্জাক মিয়া (৫৫)। মিয়ানমারের পাঁচ নাগরিক হলেন মোহাম্মদ জাহাঙ্গীর (১৯), মো. ওসমান গণি (২০), মো. হাবিবুল্লাহ (৩৭), জাহিদ হোসেন (৩০) ও মো. আবদুল হামিদ (২০)।
গতকাল শনিবার দুপুরে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পে সংবাদ সম্মেলনে ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব চট্টগ্রাম জানতে পারে, মাছের ব্যবসার আড়ালে একটি চক্র মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার চালান নিয়ে আসছে। র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি দল শুক্রবার রাতে সাগরে সহেন্দভাজন একটি ট্রলার দেখতে পায়। ‘এফবি জানিবা খালেদা-১’ নামের এই ট্রলারকে থামার সংকেত দেয় তারা। কিন্তু সংকেত উপক্ষো করে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্পিডবোটে থাকা র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করেন। এ সময় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের একটি দল অভিযানে র্যাবকে সহযোগিতা করে। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ৪ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় ট্রলারের থাকা আটজন পাচারকারীকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা র্যাবকে বলেন, এসব ইয়াবার মালিক মো. সুলতান আহমদ। পরে র্যাবের আরেকটি দল রাতেই কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালায়। তাঁকে ৫০ হাজার ইয়াবা বড়িসহ আটক করা হয়।