কক্সবাজারে ৫৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও রামু থেকে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে প্রায় ৫৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে টেকনাফ থেকেই প্রায় ৪৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। এসব ঘটনায় আটক করা হয়েছে চারজনকে।
টেকনাফ ৪২ বিজিবির উপপরিচালক ক্যাপ্টেন মো. আজহারুল আলম প্রথম আলোকে জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফে আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে বিজিবির একটি দল নতুন ট্রানজিট ঘাট এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরে এক ব্যক্তিকে বস্তা নিয়ে বেড়িবাঁধে উঠতে দেখে তাঁকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় ওই ব্যক্তি ব্যাগটি ফেলে পালিয়ে যান। পরে ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে বাহারছড়ার শীলখালী বিজিবির তল্লাশি চৌকিতে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৪৬টি ইয়াবা বড়িসহ মো. আবদুর রহিমকে আটক করা হয়। একই দিন বিকেলে হ্নীলার দমদমিয়া এলাকা থেকে বিজিবির সদস্যরা ১ হাজার ৯৭৪ ইয়াবা বড়িসহ নুরুল ইসলামকে আটক করেন।
আটক দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উখিয়া ও রামু: কক্সবাজারের উখিয়া ও রামু থেকে সাড়ে ১০ হাজার ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে দুজনকে আটক করা হয়।
উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ নূর বলেন, ৭ হাজার ৬১০টি ইয়াবা বড়িসহ আবু তাহের নামের এক ইয়াবা পাচারকারীকে গতকাল আটক করা হয়েছে। শরীরে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন তাহের। তাঁর বাড়ি টেকনাফের হোয়াইক্যং এলাকায়।
এদিকে গতকাল সকালে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২ হাজার ৯৩০টি ইয়াবা বড়িসহ আবদুর শুক্কুর নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। তাঁর বাড়ি টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের দরগাহ এলাকায়।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইমান উল্লাহ সরকার জানান, শুক্কুর টেকনাফ থেকে ইয়াবা নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন।