কক্সবাজারে 'বন্দুকযুদ্ধে' আরেকজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার ভুমিরাঘোনা গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার কাওয়ারপাড়ায়। পুলিশের দাবি, বেলাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী।
এর আগে পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় শনিবার ভোরে টেকনাফে তিনজন এবং গত রোববার ভোরে উখিয়ায় একজন শীর্ষ মানব পাচারকারী নিহত হন।
গতকালের ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম প্রথম আলোকে জানান, বেলালসহ তাঁর একদল সহযোগী গতকাল ভোর চারটার দিকে ঈদগাঁও উপকূল দিয়ে মালয়েশিয়ায় মানব পাচারের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের একটি দল সেখানে গেলে পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পাচারকারীরা পাশের জঙ্গলে আত্মগোপন করে। এরপর পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় বেলালকে (৩৮) উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়।
ওসি মতিউল আরও জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় তৈরি বন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। বেলালের বিরুদ্ধে সদর মডেল থানায় মানব পাচারের ছয়টি মামলা রয়েছে।