কক্সবাজারে 'রেভি ম্যাডাম' গ্রেপ্তার
কক্সবাজারের শীর্ষ মানব পাচারকারী হিসেবে পুলিশের তালিকাভুক্ত রেজিয়া আকতার রেভি ওরফে ‘রেভি ম্যাডাম’কে (৪৫) গতকাল রোববার দুপুরে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। কক্সবাজার সদর হাসপাতাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ার গ্রামের নুরুল কবিরের স্ত্রী। রেভির বিরুদ্ধে কক্সবাজার সদর ও উখিয়া থানায় তিনটি মানব পাচার মামলা রয়েছে। সম্প্রতি মানব পাচারের দায়ে তাঁর স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) দেওয়ান আবুল হোসেন রেভি ম্যাডামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, উখিয়া উপজেলার ইনানী, সোনারপাড়া, মনখালী ও ছেপটখালী উপকূলের মানব পাচার নিয়ন্ত্রণ করেন এই রেভি ম্যাডাম। আত্মগোপনে থাকায় এত দিন তাঁকে ধরা সম্ভব হয়নি। এখন মানব পাচারের সঙ্গে জড়িত অন্য গডফাদার ও দালালদের ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, ১৭ নভেম্বর দুপুরে নৌবাহিনীর সদস্যরা সেন্ট মার্টিন থেকে ৫৯২ জন যাত্রীসহ একটি বিদেশি কার্গো ট্রলার আটক করে। এর মধ্যে উখিয়া উপকূল থেকে রেভি ম্যাডাম পাঠিয়েছেন ৭১ জন যাত্রী। উখিয়া ও কোর্টবাজার এলাকার দুটি ব্যাংকে রেভির হিসাবে মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে পাঠানো দেড় কোটিরও বেশি টাকার সন্ধান মিলেছে। মানব পাচারের বিপরীতে এই টাকা পাঠানো হয়েছে কি না, তার অনুসন্ধান চলছে।
স্থানীয় লোকজন জানান, সমুদ্রে নামানোর আগে রেভি ম্যাডাম যাত্রীদের শরীরে লাল কালি দিয়ে ইরেজিতে নামের প্রথম অক্ষর ‘আর’ লিখে দেন, যেন থাইল্যান্ড পৌঁছে যাত্রীদের চিনতে সমস্যা না হয়। নৌবাহিনীর হাতে আটক যাত্রীদের অনেকের হাতে ‘আর’ চিহ্ন ছিল বলে জানা গেছে।
গতকাল বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে মানব পাচারে সংশ্লিষ্ট থাকার ব্যাপারে জানতে চাইলে রেভি ম্যাডাম ক্ষিপ্ত হয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের গালমন্দ শুরু করেন এবং বলেন, সাংবাদিকদের কারণেই তাঁকে ধরা খেতে হয়েছে। পুলিশ কিছুই করতে পারবে না।
এ প্রসঙ্গে দেওয়ান আবুল হোসেন বলেন, একসঙ্গে অনেক সাংবাদিক দেখে সম্ভবত তাঁর মাথা খারাপ হয়ে গেছে।