কক্সবাজারে 'সন্ত্রাসী' দুই ভাইয়ের লাশ উদ্ধার
কক্সবাজার সদর উপজেলার হিমছড়ি ঢালার পাহাড়ি এলাকা থেকে গতকাল বুধবার সকালে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নিহত জাহেদুল ইসলাম ওরফে সিফাত (২৮) ও শহিদুল আলম ওরফে আরাফাত (২১) সদর থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁরা দুই ভাই। প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তাঁদের মৃত্যু হয়েছে।
এর আগে গত অক্টোবর মাসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলিতে তিনজন এবং নভেম্বর মাসে একজন নিহত হয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন প্রথম আলোকে জানান, সিফাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ, অস্ত্রসহ ২৩টি এবং আরাফাতের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। তিনি জানান, গতকাল সকালে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় দুই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশকে খবর দেন। সকাল নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ দুটি শনাক্ত করে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ বলছে, সদর উপজেলার ‘ঈদগাঁও-ঈদগড়-বাইশারী’ সড়কে ডাকাতি করতে গিয়ে একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া জানান, সিফাতের পেটে ও আরাফাতের বুকে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। সিফাতের পরনে হলুদ রঙের হাফপ্যান্ট আর আরাফাতের পরনে ছিল লুঙ্গি।
নিহত দুই ভাই কক্সবাজার পৌর শহরের পাহাড়তলীর হালিমাপাড়ার বাসিন্দা মো. আলমের ছেলে। হাসপাতালের মর্গে দুই ভাইয়ের মা ফিরোজা ইয়াসমিন বলেন, তাঁর ছেলেদের বিরুদ্ধে ২০-৩০টি মামলা থাকলেও তাঁরা সন্ত্রাসী নন। লোকজন শত্রুতা করে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন তাঁদের বাড়িতে আসে। চকরিয়ার ডুলাহাজারায় যাওয়ার কথা বলে তাঁরা সিফাত ও আরাফাতকে নিয়ে যায়। পরে গতকাল সকালে শোনেন তাঁর দুই ছেলের লাশ পাওয়া গেছে।
পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর রাতে শহরের সমিতিবাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শেখ আবদুল্লাহ নামের এক যুবক। ১৮ অক্টোবর দুপুরে কক্সবাজার শহরের বাদশাঘোনা পাহাড়ে সন্ত্রাসীদের গুলিতে নুরুল আলম ও কালু মিয়া নামের দুই ব্যক্তি নিহত হন। ১৬ নভেম্বর ভোরে ‘ঈদগাঁও-ঈদগড়-বাইশারী’ সড়কের ঢালারমুখ এলাকায় দুটি সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলিতে স্থানীয় রশিদ বাহিনীর প্রধান আবদুর রশিদ নিহত হন।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় বাসিন্দারা বলেন, এ দুই বাহিনীর (সিফাত ও আরাফাত) কাছে জিম্মি ছিল শহরের বৈদ্যঘোনা, ঘোনারপাড়া, খাজা মঞ্জিল, পাহাড়তলী, সাত্তারঘোনা, লাইট হাউস ও লারপাড়ার লাখো মানুষ।
পুলিশ জানায়, দুই বাহিনীর শতাধিক সন্ত্রাসী অপহরণ করে মুক্তিপণ আদায়, মালামাল লুট, চাঁদা আদায় এবং জমি দখল করে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। পাহাড়তলীর বিভিন্ন পাহাড়ে এ দুজনকে ধরতে একাধিক অভিযান চালায় পুলিশ। তবে তাঁদের গ্রেপ্তার করা যায়নি।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, জেলার শীর্ষ দুই সন্ত্রাসী সিফাত ও আরাফাতের মৃত্যুর খবরে এলাকায় স্বস্তি ফিরেছে। পাহাড়তলীর অন্য সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।