কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন বলেন, গতকাল ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে মানব পাচারের অন্যতম হোতা মো. ইউনুছ ওরফে মাইক ইউনুছকে (৩২) গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, গতকাল উপজেলার সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে চার মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো সাদ্দাম হোসেন, মো. আমিন, মো. হাসান ও সৈয়দ আলম। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী।
এদিকে উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, গতকাল কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে মানব পাচারকারী মো. ইউনুছ ও জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রাম থেকে সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মানব পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা আছে।