কক্সবাজারের পাঁচ ট্রলারসহ ৫০ জেলে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে গতকাল শনিবার ভোররাতে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ ৫০ জন জেলেকে অপহরণ করে জলদস্যুরা। গতকাল সন্ধ্যা পর্যন্ত অপহৃত জেলেদের হদিস মেলেনি।
তবে ট্রলার মালিক সূত্র জানায়, মুক্তিপণের জন্য দস্যুরা জেলেদের খুলনার সুন্দরবন এলাকায় আটকিয়ে রাখতে পারে।
গতকাল ভোর পাঁচটার দিকে গভীর সাগর থেকে মাছ ধরে ঘাটে ফেরার সময় মহেশখালীর সোনাদিয়া উপকূলে একদল জলদস্যু এফবি শাহ-মজিদিয়া নামের একটি ট্রলার জিম্মি করে। এরপর এফবি ফারিয়া, এফবি লিলি, এফবি আল্লাহরদান, এফবি সোমা নামের আরও চারটি ট্রলারে হামলা চালিয়ে পাঁচ ট্রলারের ৫০ জন জেলেকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে।
এরপর এফবি নাহিদা, এফবি আল সমর ও এফবি জুবাইদা নামের আরও তিনটি ট্রলারের আহরিত মাছ, জালসহ মূল্যবান মালামাল লুট করে দসু৵রা তিন ট্রলারের ৪৭ জেলেকে সাগরে ভাসিয়ে দেয়। এ সময় দস্যুদের প্রহারে ওই তিন ট্রলারের অন্তত ৩০ জেলে আহত হন।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতি সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন ট্রলারের আহত জেলেদের উদ্ধার করে সন্ধ্যায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে আনা হলেও অপর পাঁচ ট্রলারসহ ৫০ জেলের খোঁজ মিলছে না। এঁরা সবাই কক্সবাজার জেলার বাসিন্দা।
নিখোঁজ এফবি শাহ-মজিদিয়া ট্রলারের মালিক ও কক্সবাজার শহরের নুনিয়াছটার বাসিন্দা আয়ুব আলী বলেন, গতকাল সন্ধ্যার দিকে তাঁর ট্রলারসহ অপহৃত ১৯ জেলেকে ফেরত দিতে মুঠোফোনে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হচ্ছে। অন্যথায় জেলেদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু কারা এবং কোন এলাকা থেকে এই ফোন করা হচ্ছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, জেলার কুতুবদিয়া থেকে মহেশখালী, সোনাদিয়া, ইনানী, টেকনাফ হয়ে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত ১২০ কিলোমিটার সাগর উপকূলে অন্তত ১২টি জলদস্যু বাহিনীর চার শতাধিক দস্যু সক্রিয় রয়েছে। এদের অধিকাংশ রোহিঙ্গা নাগরিক।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, গভীর সাগরে জলদস্যুদের কবলে পড়ে জেলেরা সর্বস্বান্ত হচ্ছেন ঠিক, কিন্তু সেখানে গিয়ে জলদস্যু বাহিনীর সদস্যদের ধরার মতো আধুনিক জলযান এবং জনবল পুলিশের নেই। তার পরও পুলিশ জলদস্যুদের ধরতে উপকূলে অভিযান অব্যাহত রেখেছে। ইতিমধ্যে ১০ জনের বেশি জলদস্যুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।