জলবায়ু তহবিলসহ উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী এ কে এম সফিকুল হককে গতকাল মঙ্গলবার ঢাকায় প্রত্যাহার করা হয়েছে।
৯ মার্চ পাউবোর উপসচিব মো. আবদুল বাতেন এক আদেশে নির্বাহী প্রকৌশলী এ কে এম সফিকুল হককে ১০ মার্চের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করে ঢাকার পাউবো প্রধান মনিটরিংয়ের দপ্তরে যোগ দিতে বলেন। অন্যথায় ১১ মার্চ থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতিপ্রাপ্ত বলে গণ্য হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার পাউবোর এক কর্মকর্তা জানান, নির্বাহী প্রকৌশলী সফিকুল হক কক্সবাজারে যোগদানের পর থেকে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। মোটা অঙ্কের কমিশন-বাণিজ্য নিয়ে স্থানীয় ঠিকাদারেরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। সম্প্রতি পাউবোর তদন্ত দল দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাঁকে প্রত্যাহার করে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে সফিকুল হক জানান, তিনি দুর্নীতি করেননি। সুবিধা আদায় করতে না পেয়ে একটি চক্র তাঁর বিরুদ্ধে লেগেছে।
কক্সবাজার-১ আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ জানান, নির্বাহী প্রকৌশলীর কোটি টাকার অনিয়ম-দুর্নীতি তদন্তের জন্য তিনি পানিসম্পদমন্ত্রী ও পাউবোর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। এরপর দুর্নীতি তদন্তের জন্য পাউবো ডিজাইন সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী তোফায়েল আহমদকে দায়িত্ব দেওয়া হয়। গত ১ ফেব্রুয়ারি তিনি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে বদলি করা হয়েছে।